নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, 1:57 PM
আবাসিক গ্যাসে আর প্রিপেইড মিটার দেওয়া হবে না!
গ্যাসের আবাসিক গ্রাহকদের প্রিপেইড মিটার দেবে না বিতরণ কোম্পানিগুলো। প্রিপেইড মিটার স্থাপনের সব প্রকল্প বাতিল, এমনকি ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন পাইপলাইন পরিবর্তনের প্রকল্পও বাতিল করা হয়েছে।
বিদ্যুতের প্রিপেইড মিটারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ-আন্দোলন হলেও গ্যাসের মিটারের জন্য উন্মুখ হয়ে রয়েছে গ্রাহকরা। কারণ যারা প্রিপেইড মিটার পেয়েছেন তাদের গ্যাসের বিল অর্ধেকের কম আসছে। আর মিটারবিহীন গ্রাহকদের গ্যাস না পেলেও অনেক বেশি বিল দিতে হচ্ছে।
আবাসিক গ্যাসের অপচয় রোধ, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং সিস্টেম লস ও বকেয়া মুক্তির জন্য প্রায় পাঁচ বছর আগে প্রিপেইড স্থাপনের প্রকল্প নেওয়া হয়। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি থাকা সত্ত্বেও প্রায় ৬৫০০ কোটি টাকা ব্যয়ে ৩টি প্রকল্প অসমাপ্ত রেখে সমাপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকট ও বৈদেশিক ঋণের উচ্চ সুদের কারণ দেখিয়ে প্রকল্পগুলো বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে।
২০২৩ সালের নভেম্বরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিশ্বব্যাংকের সাথে ৩০০ মিলিয়ন ডলার এবং এডিবির সাথে ২০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করে। বাকি তহবিল বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর সরবরাহ করার কথা ছিল।
সংশ্লিষ্টরা বলছে ভিন্ন কথা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংযোগ আর চালুর কোন পরিকল্পনা নেই। এমনকি ধীরে ধীরে আবাসিকে গ্যাস সরবরাহ থেকে সরে আসতে চায়। যে কারণে ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন পাইপলাইন পরিবর্তনের প্রকল্প বাতিল করা হয়েছে। গ্যাস সংকটে নাকাল অবস্থায় রান্নার কাজে এলপিজিকে উৎসাহিত করতে চায় সরকার।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ বার্তা২৪.কমকে বলেছেন, প্রিপেইড মিটার আর কোম্পানির পক্ষ থেকে বসানো হচ্ছে না। শুধু তাই নয়, আবাসিককে টার্গেট করে নেওয়া ঢাকা ও নারায়ণগঞ্জের পুরাতন গ্যাস পাইপলাইন প্রকল্পও বাতিল করা হয়েছে।
তিনি বলেন, আবাসিকে নতুন সংযোগ পুরোপুরি বন্ধ রয়েছে, ভবিষ্যতেও দেওয়ার কোন পরিকল্পনা নেই। আবাসিকে ব্যবহৃত গ্যাস, শিল্পে দেওয়া গেলে অর্থনীতির গতি সঞ্চারিত হবে।
তিনি বার্তা২৪.কমকে বলেন, আমাদের মোট আবাসিক গ্রাহক রয়েছে ২৭ লাখের মতো। এরমধ্যে ৪ লাখ ২০ হাজার গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করছে। দু’টি প্রকল্পের আওতায় তিতাসে ১৭ লাখ ৫ হাজার প্রিপেইড মিটার বসানোর পরিকল্পনা ছিল।
অন্যদিকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ১ লাখ ২০ হাজার গ্রাহকের প্রিপেইড মিটার স্থাপনের প্রকল্প অসমাপ্ত রেখেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শহিদুল আলম স্বাক্ষরিত চিঠি গত সপ্তাহে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্তৃক ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার পুনর্বিন্যাস করার জন্য বিশ্বব্যাংক বরাবরে ইতোমধ্যে চিঠি প্রেরণ করা হয়েছে।
দেশটিতে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির অধীনে প্রায় সারাদেশে প্রায় ৪৪ লাখ আবাসিক গ্রাহক রয়েছে, যাদের মধ্যে প্রায় ৭ লক্ষ গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করেন। মিটারবিহীন আবাসিক গ্রাহকের নির্ধারিত পরিমাণ গ্যাসের বিল আদায় করা হয়। মিটারবিহীন আবাসিক গ্রাহকরা বেশি ব্যবহার করছে। সে কারণে তাদের সিস্টেম লস বেড়ে যাচ্ছে বলে দাবি করে আসছে গ্যাসের বিতরণ কোম্পানিগুলো।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক চুলা ৫৫ ঘনমিটার (৯৯০ টাকা) থেকে বাড়িয়ে ৭৬.৬৫ ঘনমিটার, দুই চুলা ৬০ ঘনমিটার (১০৮০ টাকা) থেকে বাড়িয়ে ৮৮.৪৪ ঘনমিটার (১৫৯১ টাকা) করার আবেদন দিয়েছে। বিইআরসি একটি অভ্যন্তরীণ কমিটির মাধ্যমেও কোন সিদ্ধান্ত আসতে পারেনি। সর্বশেষ তৃতীয়পক্ষের মাধ্যমে সার্ভে করার জন্য বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিইআরসি সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধির আদেশ দেয় ২০২২ সালের ৫ জুন। ওই আদেশের পূর্বে গণশুনানিতে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের পরিসংখ্যানে দেখা যায় গড়ে এক চুলা ৪০ এবং দুই চুলা সর্বোচ্চ ৫০ ঘনমিটার ব্যবহার করছে। প্রিপেইড গ্রাহকের ব্যবহারের পরিসংখ্যানের উপর ভিত্তি করে এক চুলা ৭৩.৪১ ঘনমিটার ও দুই চুলা ৭৭.৪১ ঘনমিটার থেকে কমিয়ে যথাক্রমে ৫৫ ও ৬০ ঘনমিটার করা হয়।
শুধু সেই পরিসংখ্যান নয় ২০১৯ সালে বিআইডিএসকে (বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান) দিয়ে একটি সমীক্ষা পরিচালনা করে বিইআরসি। ১৩ জেলার ১০৫৪ আবাসিক গ্রাহকের উপর পরিচালিত সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, একক চুলার প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা ৩৫.৫ ঘনমিটার ও দুই চুলার গ্রাহকরা ৫৯.৩ ঘনমিটার গ্যাস ব্যবহার করছে। গড়ে ৫৭.৯ ঘনমিটার গ্যাস ব্যবহার করেছেন মিটার ব্যবহারকারীরা। আর ননমিটার গ্রাহকরা গড়ে ৫৬ মিটার গ্যাস ব্যবহার করেছেন।
তিতাস গ্যাস ওই রিপোর্টের সঙ্গে দ্বিমত পোষন করে আসছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বার্তা২৪.কমকে বলেছেন, মিটারবিহীন আবাসিক গ্রাহকরা অনেক বেশি গ্যাস ব্যবহার করছে। ক্ষেত্র বিশেষে ১০০ ঘনমিটার পর্যন্ত গ্যাস ব্যবহারের রেকর্ড পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে বলেন, প্রিপেইড মিটার ব্যবহারকারী ও ননমিটার গ্রাহকের ব্যবহারের মধ্যে অনেক তারতম্য রয়েছে। প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহক অনেকটা মিতব্যয়ী হন। তাই তাদের ব্যবহারের পরিমাণ অনেক কম হয়ে থাকে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বার্তা২৪.কমকে বলেছেন, আমরা আশা করছি বুয়েটের পরীক্ষার মাধ্যমে বিষয়টির সমাধান আসবে। তারা দৈবচয়ন ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় গ্রাহক নির্বাচন করেছে। এতে মৌসুম ভেদেও গ্রাহকের গ্যাস ব্যবহারের বিষয়টি তুলে আনবে। তারপরেই এই বিতর্কের অবসান হবে বলে আশা করছি।
এক সময় বলা হতো আবাসিকের গ্রাহকরা অনেক বেশি গ্যাস পুড়ায় তাই দাম বাড়ানো উচিত। ওই বিতর্কের মধ্যেই ২০১৬ সালে লালমাটিয়া এলাকায় প্রথম পাইলট আকারে প্রি-পেইড মিটার বসানো হয়। এতে রেজাল্ট এলো পুরো উল্টো, দেখা গেলো প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের বিল আসছে অর্ধেকের কম (দেড়’শ থেকে আড়াই’শ টাকা)। তখন মিটারবিহীন গ্রাহকের মাসিক ৭৮ ঘনমিটারের বিল ছিল ৬৫০ টাকা নেওয়া হতো।
গ্রাহক যাতে নিজেরা প্রিপেইড মিটার কিনে বসাতে পারে তার জন্য নীতিমালা প্রণয়ন করা হয়। তারপরও নানান কৌশলে আটকে রেখে উচ্চদামে মিটার কেনার প্রকল্প নেওয়া হয়েছে বিগত সরকারের সময়ে। ৭ হাজার টাকার মিটার কেনা হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। গ্রাহক নিজে বসাতে চাইলে ইউনিফায়েড সার্ভারসহ নানান জটিলতার কথা বলে আটকে দেওয়া হয়।
বিইআরসি চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল গ্রাহক নিজেরা কিনতে পারবে না? এমন প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখবো।