ঢাকা ১০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে পরিবার সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন তানজিদ, বাংলাদেশের উড়ন্ত শুরু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৬,  2:59 PM

news image

সাইকেল চালানোর জন্য আলাদা পথ, এমন সুবিধা এত দিন দেশের কোনো নগরে ছিল না। এবার চট্টগ্রামের পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নগরের পতেঙ্গা এলাকার বিমানবন্দর সড়কে নির্মিত এই ট্র্যাকের উদ্দেশ্য, সাইকেল চালকদের নিরাপদে চলাচলের সুযোগ তৈরি করা। একই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা এবং নগরবাসীর শরীরচর্চার সুযোগ বাড়ানো। চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ২ কিলোমিটার। এর সঙ্গে রয়েছে ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা।

উদ্বোধনের পর আয়োজিত সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল চালানো শুধু বিনোদনের বিষয় নয়, অনেক মানুষ সাইকেলে করে অফিসে যাতায়াত করেন, দৈনন্দিন কাজ করেন। তাদের জন্য নিরাপদ চলাচলের জায়গা থাকা প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, ‘এগুলো একটি নাগরিকের দৈনন্দিন জীবনের চাহিদা। এটা কোনো বিলাসিতা নয়। দৈনন্দিন জীবনের চাহিদা। একটি সভ্য দেশে, উন্নত দেশে সাধারণ নাগরিকের এগুলো চাহিদা। এগুলো আমাদের পূরণ করতে হবে। সবার জন্য জায়গা সৃষ্টি করতে হবে।’

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার যে লক্ষ্য, তার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে সুস্থ থাকার জন্য ব্যায়াম করেন, কিন্তু সাইকেল চালাতে হলে রাস্তায় নিরাপদ জায়গা প্রয়োজন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ উদ্যোগ নিয়েছেন এবং এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। এতে মানুষ সাইকেলে করে যাতায়াতের পাশাপাশি বিনোদন ও শরীরচর্চার সুযোগ পাবেন।

সাইকেল চালানোর জায়গা তৈরির পাশাপাশি হাঁটার উপযোগী পথ নির্মাণের ওপরও গুরুত্ব দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জায়গার অভাবে অনেকে হাঁটতে পারেন না, ঘরবন্দী হয়ে থাকেন। এ জন্য যেখানে সম্ভব, সেখানে হাঁটার পথ তৈরি করতে তিনি মেয়রকে অনুরোধ করেছেন। বিশেষ করে খালের দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে তাঁরা গর্বিত। বিমানবন্দর সড়কে নগরবাসীর জন্য এই সুবিধা তৈরি করা হয়েছে।

মেয়র বলেন, ট্র্যাকটি প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ। এর দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। সাইকেল ট্র্যাকের পাশাপাশি হাঁটার পথও তৈরি করা হয়েছে।

তিনি বলেন, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং আধুনিক যাতায়াতব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামকে আরও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন করা হয়েছে। সড়কের এক পাশে সাইকেল ট্র্যাক ও সৌন্দর্যবর্ধিত হাঁটার পথ নির্মাণের পাশাপাশি দুই পাশে ফুটপাত এবং মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম