আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, 9:32 AM
আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা ককরোচ পার্টির
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে দিনভর দেশটির রাজধানী দিল্লিতে উত্তেজনা হয়েছে। এদিন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দ্বীপকেসহ হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। তবে সন্ধ্যা গড়িয়ে রাত নামার পর তাদের ছেড়ে দেওয়া শুরু করেছে পুলিশ। সর্বশেষ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছে তারা। কিন্তু অভিজিৎসহ ককরোচ পার্টির শীর্ষ তিন নেতাকে এখনো ছাড়া হয়নি। এমনকি তারা কোথায় আছে তাও অজানা। এছাড়া সকালে আটক করা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও ছাড়া হয়নি।দাবি অনুযায়ী যেহেতু প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি তাই অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। তারা বলেছে, জ্ঞানেশ কুমারকে তার পদ থেকে বহিষ্কার করতে হবে।